মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুরে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখা। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফুন নাহার।
শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার এসএভিপি ও ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির হাওলাদার।

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক প্রতি বছরই এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।