রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি ও তার পরিবার পরিজনকে হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিরাপত্তা চেয়ে সোমবার রাতে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন মাসুদ রানা মনি।
জানা যায় গত ২১ ডিসেম্বর রবিবার রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া পাটোয়ারী বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিসহ কয়েকজন মাদকসেবী একই বাড়ীর মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত ঘরে মাদক সেবনের সময় বৃদ্ধ মোঃ বেলাল খান (৬২) বাধা প্রদান করলে মাদক সেবীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে রনি হোসেন ও তার পিতা মোহাম্মদ আবুল কালামসহ চিহ্নিত মাদক কারবারি ও সেবকরা আমার দেশ প্রতিনিধি মাসুদ রানাসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা, হত্যাসহ পরিবারের লোকজনকে হুমকি দেয়।
সৃষ্ট বিষয়ে রামগঞ্জ প্রেসক্লাবে সোমবার রাতে এক জরুরী সভায় সাংবাদিকবৃন্দ এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাদক ব্যবসায়ী রনি ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবী জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাক রামগঞ্জ সংবাদদাতা ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালবেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রহমত উল্লাহ পাটোয়ারী, শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, জাকির হোসেন মোস্তান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, মোঃ শাহ আলম, জাকির হোসেন সুমন, এমরান হোসেন পাটোয়ারী, রাজু হোসেন, কনক মজুমদার, পারভেজ হোসেন। পরে রাতে মাসুদ রানা মনি বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।