প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় সরকারের দাবিতে এবং তথাকথিত ফ্যাসিবাদী রাজনৈতিক জোটসমূহের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) বিকেলে পৌরসভাস্থ শহীদ ওসমান চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের মূল দাবি ছিল ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি (জাপা) এবং আওয়ামী নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নিবন্ধন বাতিলের পাশাপাশি একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় সরকার গঠন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে রায়পুরের রাজপথ প্রকম্পিত করে তোলেন। স্লোগানগুলো ছিল—বিপ্লবী নুরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, ফ্যাসিবাদের দোসরদের নিবন্ধন বাতিল চাই, জাতীয় সরকার চাই, জনগণের অধিকার চাই ইত্যাদি।
এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও জনঅধিকার রক্ষায় এখন প্রয়োজন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার। জনগণের ওপর দমন-পীড়ন ও রাজনৈতিক দখলদারিত্ব আর চলতে দেওয়া যায় না।
বিক্ষোভে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা
যুগ্ম আহ্বায়ক গাজী মামুন, সাবেক জেলা সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সরকার, ছাত্র অধিকার পরিষদ রায়পুর উপজেলা সভাপতি তানভীর হায়দার সোহেল প্রমুখ। এছাড়া মিছিলে আরও ৫০ থেকে ৬০ জন স্থানীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি শান্তিপূর্ণ হলেও রাজনৈতিক বার্তা ছিল প্রখর ও দৃঢ়। স্থানীয় প্রশাসন শুরু থেকেই সতর্ক অবস্থানে থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।