স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চন্দ্রগঞ্জ বাজার এলাকার শ্রমিক হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা। অভিযানে দেখা যায়, নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এসব অপরাধে তাৎক্ষণিক জরিমানা আরোপের পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
যৌথ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার ও মো. আবিদ আহসান খান আকাশ; বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব; নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম (সদর) ও মোছা. ছায়ফুন্নেসা (রামগঞ্জ)।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।