স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলাধীন পৌর বাঞ্চানগর মৌজায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত দুইটি স্থাপনা উচ্ছেদ করেছে পৌর ভূমি অফিস। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশে ৭ জুলাই, সোমবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বাঞ্চানগর এলাকায় ইয়ামাহা শোরুমের পেছনে অবস্থিত প্রায় ৪ শতক সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখল করে রাখা হয়েছিল। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় পৌর ভূমি অফিস উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাদ্বয় উচ্ছেদ করে জমিটি অবৈধ দখলমুক্ত করে।
এ সময় উপজেলা ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পৌর ভূমি অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে, স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বার্থে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব হবে।