প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় রবিবার (১৫ মার্চ) দুপুরে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে জ্বালানি তেলের ব্যবসায়ীদের যথাযথ মজুদ সংরক্ষণ এবং বিক্রয় রেজিস্টার সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিস্ফোরক লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এলাকার বাস কাউন্টারগুলোতেও কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা সুরক্ষা এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।