মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী ফেরিঘাট এলাকায় অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার পাচারের সময় এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (আজ) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর–ভোলা–বরিশাল নৌ-রুট ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি সার অবৈধভাবে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সার পাচারের সত্যতা নিশ্চিত করে প্রশাসন। এ সময় সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এই রুট দিয়ে অবৈধভাবে সরকারি সার পাচার হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে আমরা এর সত্যতা পাই। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সরকারি সারসহ যেকোনো অবৈধ তৎপরতা রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।